প্রকাশ্য দিবালোকে আজ দুপুরে ৩৪ নং জাতীয় সড়কে এক বস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে সাত লক্ষ টাকা ছিনতাই করে পালাল ছিনতাইকারীরা। সোমবার এই ঘটনা ঘটে ইংরেজবাজার থানার কমলাবাড়ি যদুপুর এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা। শুরু হয়েছে পুলিশি তদন্ত। ঘটনায় গুরুত্বর আহত ব্যবসায়ী কামাল হাসান মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।ওই ব্যবসায়ীর গাড়ির চালককে অপহরন করে নিয়ে যায় দুস্কৃতির দল।
কালিয়াচক থানা এলাকার বস্ত্র ব্যবসায়ী নিজের মারুতি গাড়ি করে সাত লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দিতে মালদার ইংরেজবাজার শহরে আসছিলেন।আসার পথে ইংরেজবাজার থানার কমলাবাড়ি যদুপুরের কাছে একদল দূষ্কৃতি গাড়িটিকে আটক করে। তারপর ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করে। গাড়ির দরজা খুলে বস্ত্র ব্যবসায়ীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে সাত লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দেয়। শুধু তাই নয় পালানোর সময় গাড়ির চালকেও তুলে নিয়ে যায়।ওই ব্যাবসায়ির সঙ্গে থাকা আরও দুইজনকেও মারধর করে ওই দুস্কৃতির দল।এরপর স্থানীয় বাসিন্দারা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশকে খবর দেয়। আহত ব্যবসায়ীকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পুলিশ।কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে ওই ব্যাবসায়ির পরিবারে।