বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশন বসানোকে কেন্দ্র করে আদিবাসী ও পুলিশ সংঘর্ষে রনক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার কুটিবস্তি এলাকা। আদিবাসীদের ছোঁড়া তীরে তীরবিদ্ধ এক পুলিশ হোমগার্ড, আহত গোয়ালপোখর থানার ওসি। পুলিশের লাঠিচার্জ। জ্বলল বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী ক্যাম্প। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। আহত দুই পুলিশকর্মীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ার কুটিবস্তি এলাকায় বিদ্যুৎ পরিষেবা প্রদানের জন্য এলাকায় একটি ৩২ কেভি সাবস্টেশন নির্মানের কাজ শুরু করতে গেলে এলাকার আদিবাসীরা তাদের জমি নিয়ে নেওয়া হয়েছে এই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশের সাথে সংঘর্ষ বেঁধে যায় এলাকার আদিবাসীদের। আদিবাসীরা তীর ছুঁড়লে পুলিশ লাঠিচার্জ করে। আদিবাসীরা বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। আদিবাসীদের ছোঁড়া তীর পুলিশ হোমগার্ড নিখিল বিশ্বাসের হাতে লাগে, আহত হন গোয়ালপোখর থানার ওসি অভিজিৎ দত্ত। আহত হয় রিষি হেমব্রম নামে এক আদিবাসীও। আহতদের সকলকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় নামানো হয়েছে কমব্যাট ফোর্সসহ বিশাল পুলিশ বাহিনী।