উত্তরদিনাজপুর

প্ল্যাস্টিকমুক্ত শহর গড়তে শহরের দোকানে দোকানে অভিযান শুরু করল রায়গঞ্জ পুর কর্তৃপক্ষ

রাজ্য সরকারের তরফে প্লাস্টিকমুক্ত শহর ও পরিচ্ছন্নতার জন্য পুরস্কৃত হয়েছিল উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জ পুরসভা। সেই শহর আবারও ছেয়ে গিয়েছে নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগে। দোকানে বাজারে আবারও শুরু হয়ে গিয়েছে নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগের ব্যাবহার। সেই নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগের ব্যাবহার আটকাতে আজ থেকে শহরের দোকানে দোকানে অভিযান শুরু করল রায়গঞ্জ পুর কর্তৃপক্ষ। পুরসভার চেয়ারম্যান সন্দিপ বিশ্বাসের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান শুরু করে। রায়গঞ্জ শহরের ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যে কেউই এই প্ল্যাস্টিক ক্যারিব্যাগ ব্যাবহার করলে ৫০০ টাকা জরিমানা ধার্য করেছে রায়গঞ্জ পুরসভা। আজ রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে রায়গঞ্জ শহরের রেল ময়দান বাজার, মোহনবাটি বাজার ও রায়গঞ্জ সেন্ট্রাল মার্কেটে নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগ অভিযান চালানো হয়। পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের নেতৃত্বে পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল নয়ন দাস, রতন মজুমদার, সাধন বর্মন এবং স্যানেটারি ইন্সপেক্টর সুদেব দাসসহ রায়গঞ্জ থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান শুরু হয়। বেশকিছু নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করার পাশাপাশি জরিমানাও করা হয় বিক্রেতাদের।

        পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, " এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে একবার অভিযান চালানোর পাশাপাশি মাইকিং করে সচেতন করা হয়েছিল। আজ আবার অভিযান করা হয়েছে এবং এটা লাগাতার চালিয়ে যাওয়া হবে। বাজারে দোকানে বিক্রেতারাই নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগ ক্রেতাদের দিচ্ছেন। আমরা নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারিব্যাগ আটক করছি এবং জরিমানাও নেওয়া হচ্ছে। প্ল্যাস্টিকমুক্ত শহর গড়তে আমরা বদ্ধপরিকর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/AA-UTPov_XI