উত্তরদিনাজপুর

বাবার খুনের বিচার চাইতে ডিজোন ভেদ করে হেমতাবাদে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে তরুণী

বাবার খুনিদের শাস্তির দাবী নিয়ে এর আগেও বারবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন উত্তর দিনাজপুরের রাবিয়া খাতুন ও আমিরা খাতুন নামে দুই বোন। এবার নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ডিজোন ভেদ করে সোজা মঞ্চে উঠে পড়লেন রাবিয়া। গোটা ঘটনায় হেমতাবাদের সভাতে হতচকিত হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেহ রক্ষীরা তড়িঘড়ি ওই তরুণীকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান। আর এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশ্ন চিনহে দাঁড়িয়েছে। গোটা ঘটনা নিয়ে রীতিমতো ক্ষুধ মুখ্যমন্ত্রী।      

        পরে ওই দুই তরুণীর সাথে কথা বলে জানা যায় সম্পর্কে তাঁরা দুই বোন। বছরখানেক আগে তাঁদের বাবা দুষ্কৃতীদের হাতে খুন হন। বাবার খুনের বিচার ও খুনিদের শাস্তির দাবী জানাতে এর আগে নবান্নে গিয়েও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছেন তাঁরা। কিন্তু সেখানে তাঁরা ব্যর্থ হন। আজ হেমতাবাদের সভায় মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে তাই নিজেদের দাবী জানাতে মরিয়া হয়ে ওঠেন ওই দুই তরুণী। উদ্দেশ্য সফল করতে দুই বোন মঞ্চের দুই দিক দিয়ে আচমকা দৌঁড়ে ওঠার চেষ্টা করেন। মঞ্চের বাদিক দিয়ে উঠতে গিয়ে আমিরা খাতুন নামে এক তরুণী নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যান। আমিরা ব্যর্থ হলেও মঞ্চের ডানদিক দিয়ে তাঁরই বোন রাবিয়া খাতুন পৌঁছে যান একদম মুখ্যমন্ত্রীর কাছে। মুহুর্তে তৎপরতা শুরু হয়ে যায় নিরাপত্তারক্ষীদের মধ্যে।

        পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন জেলাশাসক আয়েষা রানী। তিনি বলেন, ওই দুই তরুণী তাঁর কাছে বিভিন্ন দাবী নিয়ে একাধিকবার এসেছেন। এমনকি তাঁদের অধিকাংশ দাবী সরকারি নিয়ম মেনে পূরণও করা হয়েছে। রাবিয়া খাতুনকে হাসপাতালে কাজও পাইয়ে দেওয়া হয়েছে বলে জানান জেলাশাসক। কিন্তু তা সত্ত্বেও আজকে ওই দুই তরুণী এমন ঘটনা ঘটালেন কেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন জেলাশাসক। পরে মুখ্যমন্ত্রী নিজেই মাইক হাতে মঞ্চে দাঁড়িয়ে বলতে শুরু করেন, ” এই মেয়েটির জন্য চাকরি করে দেওয়া হয়েছে। গীতাঞ্জলী প্রকল্পে ঘর করে দেওয়া হয়েছে।” তা সত্ত্বেও নিয়মকানুন ভেঙে এই ভাবে মঞ্চে উঠে দাবী জানাতে কেন এল ওই তরুণী তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এটা কোনও পদ্ধতি নয়। এত কিছু দেওয়ার পরেও যদি কিছু চাওয়ার থাকে তবে পদ্ধতি মেনে আসতে হবে। এভাবে চলতে পারে না।”

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/XequAZhkuBI