নিজের কাজের পাওয়া টাকা চাইতে গিয়ে ইট দিয়ে থেঁতলে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক শ্রমিক ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনায় আহত শ্রমিক মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায়।
জানা গেছে, আহত শ্রমিকের নাম কার্তিক মন্ডল। ঘটনায় অভিযুক্ত ঠিকাদারের নাম চন্দন মন্ডল। চন্দন শ্রমিক সরবারহকারী। বেশ কয়েক মাস আগে কার্তিক মন্ডল ভিন রাজ্যে চন্দনের সংস্থার মাধ্যমে কাজে যায়। এরপরে কাজ থেকে ফিরে এসে তার কাছে শ্রমের টাকা চাইতে গেলে চন্দন ওই টাকা দিতে অস্বীকার করে। আজ টাকার প্রয়োজন থাকায় কার্তিক ও তার স্ত্রী আবার চন্দনের কাছে টাকা চাইতে যায়। এরপরেই তাদের মধ্যে বচসা শুরু হয়। বচসা ধীরে ধীরে হাতাহাতিতে পরিনত হয়। সেই সময় পাশে পরে থাকা ইট দিয়ে কার্তিককের মাথা থেঁতলে খুনের চেষ্টা করে চন্দন বলে অভিযোগ। স্বামীকে মারতে দেখে স্ত্রী বাঁচাতে গেলে তার ওপর চরাও হয়ে মারধর শুরু করে বলে অভিযোগ। তাদের গোলমাল শুনে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্ত চন্দন তার সঙ্গে থাকা দলবল নিয়ে পালিয়ে যায়। স্থানীয় প্রতিবেশীরা আহত স্বামী স্ত্রীকে উদ্ধার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে স্ত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও কার্তিকের মাথার আঘাত গুরুত্বর থাকায় সে বর্তমানে মেডিক্যালে চিকিৎসাধীন। আহতর পক্ষ থেকে চন্দন সহ চার জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্তে পুলিশ।