নিজস্ব প্রতিনিধি, মালদা: পঞ্চায়েত নির্বাচনের দিকে লক্ষ্য রেখে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ মালদায় দলের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। রবিবার ওল্ড মালদার তাঁতিপাড়া মাঠে সকাল ৯টায় দলের সবস্তরের নেতাদের নিয়ে এক প্রকাশ্য সমাবেশের ডাক দিয়েছে জেলা তৃণমূল কমিটি। থাকার কথা রাজ্যের পরিবহন মন্ত্রী তথা মালদা তৃণমূলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী এবং দলের সহসভাপতি ও সাংসদ মুকুল রায়ের। কিন্তু এই সমাবেশেও যে দলের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরা অসম্ভব তা কার্যতঃ মেনেই নিয়েছেন জেলা তৃণমূলের বেশ কয়েকজন নেতানেত্রী।
এর আগে মালদা কলেজ অডিটোরিয়ামে জেলা তৃণমূলের এক সভায় সিদ্ধান্ত হয়েছিল একই দিনে মহকুমাভিত্তিক দু'টি পৃথক সভা হবে চাঁচল এবং সদর মহকুমায়। দুটি সভাতেই জেলা নেতৃত্বের পাশাপাশি হাজির থাকবেন শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়।কিন্তু শেষপর্যন্ত বাতিল করা হয়েছে চাঁচলের সভাটি। তা নিয়ে চাঁচল মহকুমার তৃণমূল নেতাদের তীব্র ক্ষোভ রয়েছে।
অন্যদিকে, রবিবারের সমাবেশে থাকছেন না জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সমাবেশের ২৪ ঘণ্টা আগেই 'নিজস্ব কাজে' কলকাতা চলে গেছেন তিনি। সমাবেশে নামে মাত্র হাজির হলেও জেলায় দল যেভাবে চলছে তা নিয়ে নিজের প্রবল হতাশা জানিয়েছেন আরেক প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সাবিত্রী মিত্রও।
অন্যদিকে জেলা সভাপতি ডাঃ মোয়াজ্জেম হোসেন দাবী করলেও মুকুল রায় যে রবিবারের সমাবেশে থাকছেন না তা প্রায় একরকম নিশ্চিত। তবে রায়গঞ্জে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাবার পথে তাঁতিপাড়ার কর্মীসভায় কিছুক্ষণের জন্যে হলেও শুভেন্দু অধিকারীকে হাজির করাতে চেষ্টা চালাচ্ছেন সভার সংগঠক গোষ্ঠীর নেতারা।
জেলা যুব তৃণমূল সভাপতি অম্লান ভাদুড়ি জানিয়েছেন, জিএসটি ইত্যাদি বিষয়ে রাজ্যসভার সাংসদ মুকুল রায় ব্যস্ত রয়েছেন। তাও রবিবার তিনি মালদায় থাকার চেষ্টা করবেন। শুভেন্দু অধিকারী সমাবেশে থাকছেন। এটা কোনো ব্যক্তি বিশেষের সমাবেশ নয়। দলের সমাবেশ। পঞ্চায়েতে নিশ্চিতভাবে তৃণমূল মালদায় নজিরবিহীন ভালো ফলই করবে।